গলাচিপায় বিএনপি-গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গলাচিপায় বিএনপি-গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ

 

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধি

উত্তেজনার পর বিএনপি-গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলায় জারি করা হয়েছে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা।

উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা থেকে এই উত্তেজনার সূত্রপাত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়। এরপরই উপজেলাজুড়ে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গলাচিপা উপজেলার চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নে সাম্প্রতিক সংঘর্ষ এবং রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিএনপি ও গণঅধিকার পরিষদ উভয়পক্ষই যুগপৎ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এরফলে আইনশৃঙ্খলার অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে গলাচিপা থানা কর্তৃপক্ষ ইউএনওকে অবহিত করেছে।

তাই গলাচিপা পৌরসভা ও সংলগ্ন এলাকায় ১৩ জুন সকাল ৮টা থেকে ১৫ জুন সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এই সময়ের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির জামায়েত, মিছিল, সভা-সমাবেশ, বিক্ষোভ কিংবা দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এ বিষয়ে ইউএনও মাহমুদুল হাসান বলেন, সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

গলাচিপা-দশমিনার বিভিন্নস্থানে গণঅধিকার পরিষদের অফিস ও নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, হামলার প্রতিবাদে বিকেল সাড়ে ৩টায় গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সংবাদ সম্মেলন ও ৪টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল।

এর আগে একটি ফেসবুক পোস্টে বৃহস্পতিবার রাত ১১টার দিকে নুরুল হক নূর অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালী-৩ আসনে রাজনীতির মাঠে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতি যাতে সহিংসতায় রূপ না নেয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ