গাড়ি তৈরির কারখানা বানাতে এনবিআর চেয়ারম্যানের আহ্বান - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৪, শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাড়ি তৈরির কারখানা বানাতে এনবিআর চেয়ারম্যানের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ

 

দেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, গাড়ি আমদানিই করবেন শুধু? আমরা মধ্যম আয়ের দেশে যাবো বলছি। আবার আপনারা গাড়িও আনতে থাকবেন। আপনারা গাড়ি কবে বানাবেন? ২০৩০ সাল পর্যন্ত আপনাদের সুযোগ দিচ্ছি, তাড়াতাড়ি বানান।

আগারগাঁও রাজস্ব ভবনে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ব্যবসায়ীদের প্রতি তিনি এ আহ্বান জানান। গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ), চামড়া খাতের সংগঠন বিটিএ ও এলএফএমইবি নেতৃবৃন্দ প্রাক-বাজেট আলোচনায় অংশ নেয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, অ্যাসেম্বলিং করার শিল্প নিয়ে যদি বসে থাকি তাহলে গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করতে পারবো? সেই জায়গা আমাদের মাথায় রাখতে হবে। একসময় টেলিভিশন আনতে আনতে (আমদানি করতে) টেলিভিশন বানানো শুরু হয়ে যায়। আপনারা গাড়ি আনতে আনতে গাড়ি বানাচ্ছেন কবে? আমরা গ্র্যাজুয়েশন করবো, উন্নত দেশ হবো, ইমপোর্ট করবো কিংবা পুরাতন গাড়ি আমদানি করবো- সেটা কেন হবে। চ্যালেঞ্জ আনেন (গ্রহণ করেন), দুই একজন এগিয়ে আসেন, নতুন গাড়ি বানান। সেই গাড়ি আমরা রফতানি করবো।

রহমাতুল মুনিম বলেন, বৈদ্যুতিক গাড়ির আমদানি ও ব্যবহার বাড়ছে। একই সঙ্গে গণপরিবহনে সাপোর্ট দেওয়ার বিষয়টিও আমাদের মাথায় রয়েছে। প্রচুর রাস্তা-ঘাট হয়েছে। গণপরিবহন যত ব্যবহার হবে মানুষের মবিলিটি (গতিশীলতা) তত বাড়বে। আপনাদের প্রস্তাবগুলো বিবেচনা করবো। হাইব্রিড গাড়ির কথা যেগুলো বলছেন, সেগুলো আসলে হাইব্রিড কি না- এই প্রশ্ন দেখা দেয় মাঝেমধ্যে। হাইব্রিডের যে ক্লাসিফিকেশন আমরা করছি, যে প্যারামিটার আমরা করছি, সেই প্যারামিটার আসলে হাইব্রিডের পারপাস সার্ভ করে কি না। আমি নিজেও শুনেছি, ইটস নট ফুল হাইব্রিড। যেটাকে হাইব্রিড আমরা বলছি, সেটা পুরোপুরি হাইব্রিড নয়।

তিনি বলেন, হাইব্রিডের প্যারামিটার আমাদের দেখতে হবে। হাইব্রিড গাড়ি হলে সেটি আমরা উৎসাহিত করি। কিন্তু শুধু স্টার্ট বা অন্য সময় ইলেকট্রিক, তারপর নরমাল- এটা তো হাইব্রিড ওইভাবে আমরা আর যাবো না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ