জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৫, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১৫, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট তীব্র তাপপ্রবাহ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা থেকে উপকূলীয় অঞ্চলের প্রান্তিক নারীদের সুরক্ষায় নোয়াখালীর সুবর্ণচরে অনুষ্ঠিত হয়েছে ‘মর্যাদার সাথে সহনশীলতা’ শীর্ষক দক্ষতা উন্নয়ন কর্মশালা।

রোববার (১৪ জুন) দুপুরে সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান) এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড. এম. মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা শাখা) মোহাম্মদ আবদুর রহমান।

আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের অন্যান্য এলাকার মতো উপকূলীয় অঞ্চলগুলোতেও দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বাড়ছে। বিশেষ করে তীব্র তাপপ্রবাহের সময় নারীরা তুলনামূলক বেশি ক্ষতির মুখে পড়েন। গৃহস্থালি কাজ ও রান্নাবান্নার কারণে অতিরিক্ত তাপের সংস্পর্শে আসায় তাঁদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পায়। পাশাপাশি সামাজিক ও পারিবারিক নানা কারণে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিও বাড়তে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়েই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালার শুরুতে অংশগ্রহণকারী নারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাথমিক উপকরণ হিসেবে হাতপাখা, গামছা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া সুবর্ণচরের পল্লী মাতৃকেন্দ্রগুলোকে আরও কার্যকর ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ১০টি কেন্দ্রের সভানেত্রীদের হাতে হোয়াইটবোর্ড, বিছানা, রেজিস্টার খাতাসহ বিভিন্ন প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী তুলে দেওয়া হয়। এতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত পল্লী মাতৃকেন্দ্রের (আরএমসি) ১০০ জন নারী সদস্য এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

আয়োজকদের মতে, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক ও সক্ষমতা উন্নয়নমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ