ডেঙ্গু রুখতে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:০১, বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডেঙ্গু রুখতে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১০, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটলে মানুষের জীবন বাঁচাতে যেকোনো উপায়ে অতিরিক্ত চিকিৎসকের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

প্রয়োজনে চিকিৎসকদের ভাগ করে দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি।

বুধবার (১০ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই সভার আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার একটাই কথা, আমরা সবাই মিলে একটি বিষয় মোকাবিলা করছি। আমরা অনেকটা এগিয়েছি, সামনে আরেকটি চ্যালেঞ্জ আসছে। আপনারা নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন এবং ডেঙ্গুর প্রটোকল মেনে চলবেন।

পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী কড়া নির্দেশনা দিয়ে বলেন, ‘আপনাদের বড় একটি নেটওয়ার্ক সারা বাংলাদেশে রয়েছে। সবাইকে বলবেন, বড় চিকিৎসকরা যে বিষয়গুলো বলেছেন অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক না দেওয়া এবং রোগীর প্লাজমা লিক শুরু হলে প্রতিটি রোগীর প্রতি বিশেষ নজর রাখা। প্লাজমা লিক হলে দ্রুত ফ্লুইড দিতে হবে, যাতে রোগী শকে চলে না যায়’।

তিনি আরও যোগ করেন, আপনারা এসব বিষয় আপনাদের সহকর্মী ও পরিচিতদের জানাবেন। যদি পরিস্থিতির অবনতি হয় বা রোগীর সংখ্যা বেড়ে যায়, আমাদের জানাবেন। আমরা যেভাবে সম্ভব চিকিৎসকের ব্যবস্থা করবো। প্রয়োজনে চিকিৎসকদের ভাগ করে দায়িত্ব দেওয়া হবে। তবুও আমাদের মানুষকে বাঁচাতে হবে।

একই অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে বলেন,’ সিপাহী বিপ্লবের মাধ্যমে জনগণ জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং সবার জন্য রাজনীতির পথ উন্মুক্ত করে দিয়েছিলেন। বক্তব্যে তিনি জিয়াউর রহমান ও তার সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দেশের জন্য তার নেতৃত্বের সফলতা কামনা করেন’।

ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মোঃ আবুল কেনানের সভাপতিত্বে এবং মহাসচিব ডা. মোঃজহিরুল ইসলাম শাকিলের সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃএম এ মুহিত এবং ড্যাবের সাবেক মহাসচিব ডা. মোঃআব্দুস সালাম।

সচিবালয়ে ৪ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর
বুধবার (১০ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কক্ষে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কানাডার স্বনামধন্য ইমিগ্রেশন প্রতিষ্ঠান ‘স্কশিয়া কনসালট্যান্টস’- এর পক্ষ থেকে হামের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবিলায় অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান ডা. মোঃ জামিলুর রহিম প্রায় চার কোটি টাকা মূল্যমানের এই জীবন রক্ষাকারী সামগ্রী স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের কাছে হস্তান্তর করেন।

সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামাল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ