প্রকল্প বাস্তবায়নের ঋণ নিয়ে অর্থনীতির বারোটা বাজিয়েছে সরকার: নুর - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রকল্প বাস্তবায়নের ঋণ নিয়ে অর্থনীতির বারোটা বাজিয়েছে সরকার: নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসু’র সাবেক ভিপি নুরুলহক নুর বলেছেন, ঋণে জর্জরিত করে আজকে দেশকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে সরকার। আর সময় নাই, এদেরকে যতদিন সময় দিবেন, দেশ তত খাদের কিনারায় যাবে। কাজেই সময় থাকতে সংঘটিত হন, গণআন্দোলন গড়ে তুলুন।

তি‌নি ব‌লেন, ক্যাবিনেটে নাকি কোনো একজন বলেছেন, বিরোধী দল লাফালাফি করলে দেশের এমন বারোটা বাজাইয়া যাবো, ওরাও আইসা ঠিক ঠাকমতো দেশ চালাইতে পারবে না। প্রকল্প বাস্তবায়নের ঋণ নিয়ে এই যে দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছে আগামীকালে যদি সরকার ক্ষমতা হস্তান্তর করে আমাদের হাতে, সহজ কথা আমরাও দেশ চালাতে হিমশিম খাবো। তিন লক্ষ ৪০ হাজার কোটি টাকার ঋণ এর কিস্তি ২০২৪ সাল থেকে বাংলাদেশকে দিতে হবে। এই ঋণ গুলো করেছে মাফিয়ারা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সিন্ডিকেট হটিয়ে সরকার নির্ধারিত খরচে মালয়েশিয়ায় কাজের সুযোগের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুলহক নুর বলেন, ঋণেরভারে জর্জরিত করে আজকে দেশকে দেউলিয়ার পথে নিয়ে যাচ্ছে। তাই জনগণকে বলছি, রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে চিল্লাচ্ছি, জনগণকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে। সময় নাই এদেরকে যতদিন সময় দিবেন দেশ তত খাদের কিনারায় যাবে। কাজেই সময় থাকতে সংঘটিত হন, গণআন্দোলন গড়ে তুলুন।

নুর বলেন, বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন দেশ নাকি দেউলিয়া হওয়ার পথে। কারণ যেখানে চার দিন আগে ২০ জুলাই আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন, আমরা আইএমএফ এর কাছ থেকে ঋণ নেব না। প্রয়োজন হলে ঋণ দেব। তার চার দিনের মাথায় আমরা দেখলাম আইএমএফ এর কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে, জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কাছ থেকে ৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এইভাবে বিভিন্ন দাতা সংস্থাগুলোর কাছ থেকে ঋণ চেয়েছে। চার দিন আগে যে কথা বলেছেন চার দিন পরই তাদের কথা ও কাজের মিল নাই। 

জ্বালানি তেল নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য তুলে ধরে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, জ্বালানি তেলে তিন মাস ছয় মাস চললে সেটা ভালো কিন্তু আমরা দেখেছি তাদের কথায় ও কাজে কোন মিল নাই। চার দিন আগেই বলেছেন ঋণ লাগবে না এখন পল্টি নিচ্ছেন, ঋণ লাগবে বিদেশিদের হাতে পায়ে ধরা শুরু করে দিচ্ছেন। কিছুদিন আগে শতভাগ বিদ্যুতায়নের অনুষ্ঠান করেছে। কোথায় গেলে এ সমস্ত চাপাবাজি কোথায় গেল ভেলকিবাজি। শহরের মানুষকে ক্ষিপ্ত করছেন না, একটু কম লোডশেডিং করছেন। কিন্তু গ্রামের মানুষের ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ২৬ শ মেগাওয়াট আপনাদের সক্ষমতা আছে, দেশের প্রয়োজন পনের’শ মেগাওয়াট। কেন ১৫ শ’ মেগাওয়াট দিতে পারছেন না। আপনাদের লুটপাট এবং ধোঁকাবাজির উন্নয়ন এখন জনগণের দুর্ভোগে পরিণত হয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরে নুর বলেন, যদি কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অন্যাভাবে গ্রেপ্তার করে তাহলে যার যা কিছু আছে তা নিয়ে থানা পুলিশ ঘেরাও করবেন।

সরকার আলেম ওলামাদের চরিত্রের উপর কালিমা লেপন করে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছে। যদি অতিশীঘ্রই তাদের মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা সারাদেশের মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো। এই মাফিয়া সরকারের কোন মানবিক মূল্যবোধ নেই। যদি থাকতো তাহলে তারা পুলিশ দিয়ে শিক্ষকদের দিয়ে ভোট ডাকাতি করতো না। সাধারণ মানুষের উপর অত্যাচার করতো না।

সরকার প্রধানের সমালোচনা করে ডাকসুর সাবেক এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শুধু হিংসাত্মক কথা বলেন। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকলেও তিনি বলেন আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এধরণের মিথ্যাচার পুরো জাতিকে হতভম্ব করে।

এ সময় মালয়েশিয়াগামী প্রবাসীদের নানা দুর্ভোগের কথা তুলে ধরে তিনি বলেন, সিন্ডিকেট হঠিয়ে সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯০০ টাকায় মালয়েশিয়ায় অভিবাসন প্রত্যাশী বেকারদের কাজের সুযোগ করে দিতে হবে এবং অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।মালয়েশিয়াগামী প্রবাসীদের সংকটের সমাধান না করা হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মো. কবীর হোসেন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক শাকিলুজ্জামান, মালেক ফরায়েজি, যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ