ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ মঞ্চ নির্মাণের কাজ শুরু, উৎসবের আমেজ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ মঞ্চ নির্মাণের কাজ শুরু, উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ

 

ফরিদপুরে আগামী ১২ নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার, নভেম্বর ৮, ২০২২, সকাল থেকে কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছেন শ্রমিকেরা। গণসমাবেশকে কেন্দ্র করে ফরিদপুর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।
১২ নভেম্বর শহর থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বেলা একটার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা গেছে, এক রাতের মধ্যেই সম্মেলনের ডিজিটাল ব্যানার ও ফেস্টুনে ভরে গেছে মাঠের চারপাশ। মাঠের একপাশে জড়ো করা হয়েছে বাঁশ ও কাঠের খুঁটি। এ সময় স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের ১০ জন শ্রমিককে সেখানে কাজ করতে দেখা যায়।
নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক রেজাউল খান (৪৬) বলেন, ‘আজ সকাল থেকে আমরা কাজ শুরু করেছি। মঞ্চ দাঁড় করানোর জন্য খুঁটির কাজ চলছে।’
নির্মাণকাজের তদারকি করছিলেন মঞ্চ নির্মাণ উপকমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম ওরফে লিটন। তিনি বলেন, ‘গতকাল সোমবার প্রশাসনের পক্ষ থেকে মাঠ বরাদ্দ পাওয়ার পর আমরা আজ সকালে কাজ শুরু করেছি। বিএনপির নেতা-কর্মীরা কমবেশি সবাই এসে তদারক করছেন। আমরা প্রশাসনের সহযোগিতাও পাচ্ছি। গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিয়মিত থাকছেন।’
ফরিদপুরের আগে এখন পর্যন্ত চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে বিএনপির পাঁচটি বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশগুলোর দু-এক দিন আগে প্রশাসনের পক্ষ থেকে মাঠ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ফরিদপুরে সমাবেশের ক্ষেত্রে ব্যতিক্রমী চিত্র দেখা গেল। সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসা-যাওয়া করছেন বলে জানা গেছে। মাঠে উপস্থিত নেতা-কর্মীদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে।
বেলা সাড়ে তিনটার দিকে সমাবেশস্থল পরিদর্শনে আসেন ফরিদপুরে বিএনপির সমাবেশের সমন্বয়কারী ও দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় তাঁর সঙ্গে কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জহিরুল হক, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান, কেন্দ্র্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এবং কেন্দ্রীয় মহিলাদলের যুগ্ম সম্পাদক নায়াব ইউসুফ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ