রাজনৈতিক গোলকধাঁধায় বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৩৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাজনৈতিক গোলকধাঁধায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১১, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১১, ২০২৫ ২:০৮ অপরাহ্ণ

 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি সফল স্বৈরাচার বিরোধী আন্দোলনের উদ্দেশ্য ও বাস্তব আকাঙ্ক্ষার মধ্যে একটি বিরাট পার্থক্য ঘনীভূত হচ্ছে । যার ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত বিরোধ, সরকারের ভিশন ও মিশনের মধ্যে সমন্বয় ও আস্থার অভাব, প্রশাসনিক কূটীলতা এবং জনগণের মধ্যে একটা রাজনৈতিক বিভাজন তৈরি করা হচ্ছে। পাশাপাশি সরকারের নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক শক্তির বিশাল প্রপাগান্ডা সরকারকে তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য বিড়ম্বনায় পড়তে হচ্ছে।এমতাবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক সংকট মোকাবেলায় উদারতা ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে। তা না করলে স্বৈরাচারী শক্তির অপতৎপরতা ও অপপ্রচার জনমনে ইতিবাচক বার্তা হিসেবে সামনে আসবে এবং সরকার ও রাজনৈতিক দলগুলোর জন্য তা লজ্জার কারণ হতে পারে! এবার আসা যাক বিস্তারিত বিশ্লেষণে।

প্রথমত রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থার সংকট দেখা দিয়েছে এবং তারা নিজেদের স্বার্থের দ্বন্দ্বে প্রকাশ্যে একে অপরকে দোষারোপ ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন ।বর্তমান রাজনৈতিক সংকট এখন নির্বাচন কেন্দ্রিক । অর্থাৎ নির্বাচনের সুনির্দিষ্ট ও সুবিধাজনক সময়সূচি নিয়ে সরকার ও তার সমমনা এনসিপি এবং বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়েছে । যদিও ইতোমধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে । কিন্তু কোনো রাজনৈতিক দলই তাতে সাড়াপ্রদানমূলক পদক্ষেপ গ্রহণ করেনি । উদাহরণ হিসেবে বলা যায়, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তারা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বিএনপির পক্ষে বলা হয়েছে তারা এপ্রিলে নির্বাচন মানবেন না । জামায়াত ইসলামী বাংলাদেশ নির্বাচন চায় কিন্তু তারিখ তাদের কাছে মূখ্য নয় গৌণ! মূলত এই দলটি এখন পর্যন্ত বিএনপির নেতিবাচক দিকগুলোর প্রচারে জনপ্রিয়তা পাচ্ছে এবং ইতিবাচক দিকগুলোর পাশে থেকে ভাগিদার হচ্ছে । অন‍্যদিকে সরকারের সাথে ও আঁতাত রক্ষা করে চলছে। মূলত জামায়েত হলো গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর জন‍্য একটি ফ্রাংকেস্টাইন পার্টনার।

রাজনৈতিক এই গোলকধাঁধায় প্রশাসনের অভ্যন্তরে ও বিভিন্ন ধরনের কূটিলতা থেকে জটিলতা সৃষ্টি হচ্ছে । অর্থাৎ সরকার সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ পরিধির মধ্যেও সরকারকে অসহযোগিতা ও জনসেবার ক্ষেত্রে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে । তাছাড়াও ফ‍্যাসিস্ট সরকারের পদলোচনকারী আমলারাও সরকারের গতিশীলতার ক্ষেত্রে একটা ছায়া দেয়াল। যার ফলে সরকারের প্রতি জনগণের প্রেষণার ঘাটতি ঊর্ধমূখী হচ্ছে । কারণ এক্ষেত্রে সরকারের কার্যকর পলিসি এখনও বাস্তবায়িত হচ্ছে না ।

অন্যদিকে সরকার ও রাজনৈতিক দলগুলোর এ মতবিরোধের ফলে জনগণের মধ্যে রাজনৈতিক অস্থিরতা ও বিভাজন সৃষ্টি হচ্ছে । যার ফলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সুমহান মর্যাদার প্রতি অশ্রদ্ধা প্রকাশ পাচ্ছে । সুতরাং এক্ষেত্রে রাজনৈতিক ঐক্য ও সরকারের ভিশন-মিশনের সমন্বয় থাকা খুবই জরুরি। যদি রাজনৈতিক দলগুলো সরকারের সাথে সমন্বয় করতে ব্যর্থ হয় হয় তাহলে সরকার প্রশাসনের ও রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপির দাবির প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করে নির্বাচনী রোডম্যাপের পরিবর্তে সংস্কার পদক্ষেপ ও কিছু জনপ্রিয় পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে চেষ্টা করবে। বিএনপি কে আওয়ামী লীগ ও ভারতের সাথে আঁতাতকারী দল হিসেবে প্রচার করে জনমত সৃষ্টি করবে।আর এভাবে সরকার জনপ্রিয়তাবাদ সৃষ্টি করে ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করার জাতীয় ও আন্তর্জাতিকভাবে চেষ্টা চালিয়ে যাবে । এমনকি বিএনপির দাবীর পাল্টা ব্যবস্থা হিসেবে নির্বাচন কখন হওয়া উচিৎ, এই বিষয়ে ডিসেম্বরে একটি গণভোটের ঘোষণা দিতে পারে! অন‍্য আরেকটি বিশ্লেষণ হলো রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে ড. ইউনূস পদত্যাগ করে তাদের বি টিমের হাতে ক্ষমতা হস্তান্তর নির্বাচন প্রক্রিয়া দীর্ঘায়িত করার পরিকল্পনা করবেন। আর এক্ষেত্রে যেকোনো পরিস্থিতিতে সরকারকে জামায়েত ও এনসিপি সহায়তা করবে! সুতরাং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিএনপির উচিত হবে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে কৌশল অবলম্বন করে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিশ্চিত করা। তা নাহলে আপা ও ভারতের কূটচালে হেরে যাবে বাংলাদেশ ।

এভার দেখা যাক ১৩ জুন ড. ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে কি সিদ্ধান্ত বেরিয়ে আসে সেই অপেক্ষায় বাংলাদেশ।

মোঃ শাহজাহান মিয়া
সাবেক ভাইস প্রেসিডেন্ট, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)।
ইমেইলঃ shahjahanau.bd@gmail.com

বার্তা প্রেরক,
ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ