সরকার ভুল সিদ্ধান্ত নিলে বিরোধীদলীয় সদস্যরা একসঙ্গে ভূমিকা পালন করবে: আযাদ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সরকার ভুল সিদ্ধান্ত নিলে বিরোধীদলীয় সদস্যরা একসঙ্গে ভূমিকা পালন করবে: আযাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

সরকার কোনও ভুল সিদ্ধান্ত নিলে বিরোধী দলের অন্য সদস্যদের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও সমানভাবে সোচ্চার হবেন বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১১ দলীয় জোটের মনোনয়ন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেছেন, “যদি সরকার ভুল পথে পরিচালিত হয়, কোনও অন্যায় সিদ্ধান্ত নেয়, জনবিরোধী সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমাদের অপরাপর বিরোধীদলীয় সদস্যগণ যেমন সোচ্চার থেকে ভূমিকা পালন করবেন তেমনি আমাদের নারী সদস্যগণও বিরোধীদলের সঙ্গে যুক্ত হবেন। ৭৭ জনের সঙ্গে ১৩ জন যুক্ত হয়ে ৯০ জন বিরোধীদলীয় সদস্য একসঙ্গে ভূমিকা পালন করবে, এ প্রত্যাশা আমরা রাখছি।”

তিনি আরও বলেন, “আমরা আশাবাদী, নারী আসনে যে আমরা কম্বাইন তালিকা সাবমিট করেছি, এটার মধ্যে আর কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকার সুযোগ নেই। এই ১৩টি আসন ১৩টি তালিকার ভিত্তিতে ওনারা এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা। আশা করি, সেভাবেই নির্বাচনের ফলাফল আসবে।”

জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, “এ ব্যাপারে কমিশনের সঙ্গে আলাপ সেভাবেই হয়েছে। যেহেতু নির্বাচন সরাসরি হয়ে গেছে এবং পার্লামেন্ট চলছে, ওনারা যদি টাইমলি পার্লামেন্টে যেতে পারেন তবে জাতির যে প্রত্যাশা এবং নারী সমাজের যে প্রত্যাশা—সেই জায়গাটাও আমরা মনে করি সঠিক সময়ে হবে।”

তিনি আরও বলেন, “দেশের ও জাতির জন্য এবং জনগণের স্বার্থে আইন প্রণয়নসহ সবকিছুর ক্ষেত্রে নারীরা স্বয়ংসম্পূর্ণ একজন জাতীয় সংসদের সদস্য হিসেবে সেখানে অল প্রিভিলেজ এবং পাওয়ার-ফাংশন এক্সারসাইজ করবেন। সংবিধান সেই সুযোগ তাদেরকে দিয়েছে।”

জামায়াতের এই সহকারী সেক্রেটারি আশার, মনোনীত ১৩ জন নির্বাচিত হয়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পার্লামেন্টে নারী প্রতিনিধিত্ব করবেন।

জামায়াত জোট থেকে মনোনয়ন পেয়েছেন যারা

জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার, এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন, নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট একটি আসন পাচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

বিএনপির প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবে: সেলিমা রহমান
বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৬, ১৪:৫৩
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ছবি: বাংলা ট্রিবিউন
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। ছবি: বাংলা ট্রিবিউন
সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি থেকে মনোনয়ন পাওয়ারা গণতন্ত্র উত্তরণে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার আশা, মনোনয়ন পাওয়ারা পার্লামেন্টে ভূমিকা রাখতে পারবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এসব কথা বলেন। বিএনপি যে ৩৬ জনকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত করেছেন তার মধ্যে সেলিমা রহমানও রয়েছেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে হয়েছে। এখানে প্রবীণ এবং নবীনের যে সমন্বয় হয়েছে। আমরা আশা করি, তারা পার্লামেন্টে ঠিক সেইরকম ভূমিকা রাখতে পারবে।”

সেলিমা রহমান বলেন, “ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ। ১৭ বছর পরের এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সৌন্দর্যশালী করার লক্ষ্যে কাজ করবে।”

এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সেলিমা রহমান।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট একটি আসন পেয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ