বিজয়া দশমীতে সিঁদুর খেলায় কাজল-রানি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিজয়া দশমীতে সিঁদুর খেলায় কাজল-রানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ১৩, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ১৩, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভ বিজয়া দশমী। আজ (১৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের। যার আগেই শনিবার (১২ অক্টোবর) সিঁদুর খেলায় মেতে উঠেন বলিউডের একঝাঁক তারকারা।

বরাবরের মতো এবারো উত্তর মুম্বাইয়ে পূজার আয়োজন করেছে মুখার্জি পরিবার। তাতে যোগ দিয়েছেন কাজল, রানী মুখার্জি, তানিশা সহ অনেকেই। শনিবার সেখানেই সিঁদুর খেলায় মেতে উঠেন তারা।

সিঁদুর খেলায় উল্লাসে ফেটে পড়া তারকাদের বেশ কিছু ভিডিও এবং ছবি প্রকাশ্যে এসেছে। একটি ভিডিওতে দেখা যায়, সোনালি পোলকা ডট তসর শাড়িতে রানীকে একদম রাজরানির মতো দেখাচ্ছে। আটপৌরে শাড়ির আঁচলে বাঁধা চাবির গোছা, ঠিক যেন জমিদার বাড়ির গিন্নি রানী।

সোনালি শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে লাল ব্লাউজে গ্ল্যামারাস বলিউডের ‘মার্দানি’। রানী নিজেকে সাজিয়েছেন সোনার গহনায়। গলায় হার, ঝোলা দুল আর হাতে শাঁখা-পলায় উজ্জ্বল রানী। এমন সাজে এক প্রিয়জনকে সিঁদুর মাখিয়ে দিতে দেখা যায় এই অভিনেত্রীকে।

এদিন কাজল পরেছিলেন লাল পাড় সাদা গরদের শাড়ি। তবে রানীর মতো আটপৌরে নয়, প্লিট করে শাড়ি পরেছিলেন অজয় ঘরণী। সঙ্গে ছিল ম্যাচিং লাল ব্লাউজ। নিজের লুককে আলাদা মাত্রা দিতে কাজল একজোড়া স্টেটমেন্ট কানের দুল ও গলায় পরেছিলেন গহনা। খোলা চুল, কপালে ছোট্ট লাল টিপে নজর কাড়েন কাজল।

মা দুর্গাকে বরণ শেষে প্রিয়জনদের সঙ্গে সিঁদুর খেলায় মাতেন কাজল-রানী। কোলাকুলির পর্বও সারেন তারা। মুখার্জিদের সিঁদুর খেলায় যোগ দেন অভিনেত্রী শার্লিন চোপড়াও। তাছাড়াও ছিলেন রূপালি গাঙ্গুলি, ঈশিতা দত্ত, বৎসল শেঠ প্রমুখ।- ইন্ডিয়া টুডে

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ