৬২ বছরের মধ্যে দেশে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ

দেশে গতকাল (২৫ এপ্রিল) ১০ হাজার ৯৩০ টন লবণ উৎপাদনের মাধ্যমে চলতি মৌসুমে মোট লবণ উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার টনে। যা ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ। বিগত বছরে লবণ উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড ছিল ১৮ লাখ ৩২ হাজার টন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মৌসুমে মোট লবণ চাষকৃত জমির পরিমাণ ৬৬ হাজার ৪২৪ একর, গত বছর ছিল ৬৩ হাজার ২৯১ একর। গত বছরের তুলনায় এ বছর লবণ চাষের জমি বেড়েছে ৩ হাজার ১৩৩ একর।
চলতি লবণ মৌসুমে লবণ চাষির সংখ্যা ৩৯ হাজার ৪৬৭ জন, যা গত বছর ছিল ৩৭ হাজার ২৩১ জন। গত বছরের তুলনায় এ বছর চাষির সংখ্যা বেড়েছে দুই হাজার ২৩৬ জন।
আমদানি না করে দেশে লবণ উৎপাদনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে চলতি মৌসুমের এক মাস আগেই চাষিদেরকে মাঠে নামানো হয়। গত মৌসুমে প্রথম লবণ উৎপাদন শুরু হয় ২০২১ সালের ৩০ নভেম্বর। আর চলতি লবণ মৌসুমে লবণ উৎপাদন শুরু হয় ২০২২ সালের ২৪ অক্টোবর।
জনতার আওয়াজ/আ আ