নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ২৪, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ২৪, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, ‘দেশে ছোট-বড় ১ হাজার ৪১৫টি নদ-নদী রয়েছে। এসব নদ-নদী এক একটি জীবন্ত সত্তা।’
‘জাতীয় নদী দিবস-২০২৬’ উপলক্ষে শনিবার (২৩ মে) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘নোঙর ট্রাস্ট’ নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনর্খনন করা হবে। খননের সঙ্গে খাল ও নদীর অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।’
মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প পাস হয়েছে। পদ্মা ব্যারাজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। নদীতে নাব্য ফিরে আসবে।’
তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা শেষ হলে সহসাই প্রকল্প অনুমোদনের আশ্বাস দেন মন্ত্রী।
নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ