রামিসা হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন রাখলেন কনকচাঁপা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ২২, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ২২, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নির্মম হত্যাকাণ্ডে সারা দেশে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে উঠেছে বিচারের জোরালো দাবি। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও প্রতিবাদ জানিয়ে সরব হচ্ছেন।
এ নিয়ে নিজের ফেসবুক পোস্টে অনেকগুলো প্রশ্ন তোলেন সংগীতশিল্পী কনকচাঁপা। লেখেন, বাংলাদেশ পেডোফাইল দিয়ে ভরে গেছে- সমাজ কি তা উপলব্ধি করে? ধর্ষণকারী গ্রেপ্তার ও অপরাধ স্বীকার করার পরও কেন বিচার বিলম্বিত হয়, সে বিষয়েও প্রশ্ন রাখেন তিনি।
আইনজীবীদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করে এই শিল্পী লেখেন, যে উকিল অপরাধীর পক্ষ ধরে, তার নিজের কন্যা বা পরিবারের কারও সঙ্গে এমন হলে তখনও কি তিনি শুধু পেশাগত দায়িত্ব হিসেবেই অপরাধীর পক্ষ নেবেন?
তার মতে, আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়।
রামিসা হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকেও ঘিরে প্রশ্ন তুলেছেন কনকচাঁপা। তিনি জানতে চান, শিশুটির ওপর এমন নারকীয় নির্যাতন চলাকালে ওই নারী কী করছিলেন। একইসঙ্গে সাম্প্রতিক আরেক শিশু নির্যাতনের ঘটনার প্রসঙ্গ টেনে সমাজের ভয়াবহ অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আরও কিছু নৃশংস ঘটনার উদাহরণ টেনে এই শিল্পী লেখেন, এ কোন বাংলাদেশ? কেমন বাংলাদেশের অধিবাসী? এগুলোর বিচার চাইতে অসহায় মানুষ বিচারালয়ের বারান্দায় বছর ধরে কতদিন ঘুরবে?
পোস্টের শেষাংশে তিনি লেখেন, রাষ্ট্রের কাছে চাওয়া একটাই জনসমক্ষে বিচার চাই। জনসমক্ষে মানে একদম লোকালয়ে বিচার চাই। তাইলে যদি অপরাধী ভয় পায়। মানুষ সামান্য তেলে পাকানো জালিবেতকেই ভয় পায় আর সত্যিকারের ফাঁসির রশিকে ভয় পাবে না এটা বিশ্বাস যোগ্য নয়।
এরপর বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় দেওয়া আরেক পোস্টে রামিসার বাবার বক্তব্যের প্রসঙ্গ টেনে কনকচাঁপা লেখেন, তিনি আজ বাংলাদেশের মুখপাত্র। একই সঙ্গে তিনি বলেন, আমরা সবাই আজ রামিসার বাবা-মা। আমরা রামিসা হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই।
এদিকে রামিসা হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দায় স্বীকার করেছেন। সামাজিক মাধ্যমেও দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সরব সাধারণ মানুষ।
গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে বাথরুম থেকে উদ্ধার করা হয় তার বিচ্ছিন্ন মাথা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ