ইসির বিরুদ্ধে আবারও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ নাসীরুদ্দীনের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১৮, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১৮, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে আবারও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বা নির্বাচনি কারচুপির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে আরেকটি গণ-অভ্যুত্থান হলে প্রথমেই নির্বাচন কমিশনে ‘হাত দেওয়া হবে’ এবং প্রতিষ্ঠানটিকে গোড়া থেকে আগা পর্যন্ত পরিবর্তন করা হবে।
সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিগত নির্বাচনে চরম ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। আমি নিজে এর নগ্ন সাক্ষী। ইনশাআল্লাহ আরেকটা গণ-অভ্যুত্থান হলে প্রথমেই আমি এটাতে হাত দেব, যাতে নির্বাচন কমিশনটা আপাদমস্তক পরিবর্তন করা যায়।’
তিনি অভিযোগ করেন, বিভিন্ন আসনে ভিন্ন ভিন্ন নির্দেশনা দিয়ে নির্বাচন পরিচালনা করা হয়েছে। নিজের নির্বাচনি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এক আসনে ব্যালট পেপারের বক্সের বাইরে সিল পড়লে ভোট বাতিল করা হলেও অন্য আসনে তা গণনা করা হয়েছে।’ এছাড়া গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগও তোলেন তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশে নির্বাচন কমিশনের মেরুদণ্ড সোজা থাকলে দেশ অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু যেভাবে নগ্নভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তা দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত।’
ঋণখেলাপিদের নির্বাচনে সুযোগ দেওয়ার বিষয়েও নির্বাচন কমিশনের সমালোচনা করেন নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘দুঃখ-কষ্ট থাকলেই সংবিধান লঙ্ঘন করা যায় না। এটা কমিশনের দায়িত্ব ও কমিটমেন্টের জায়গা।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘লোকাল গভর্নমেন্ট নির্বাচনে যদি আরও খারাপ পরিস্থিতি হয়, তাহলে রাজপথ ভয়াবহ তপ্ত হবে।’
সাংবাদিকদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচন কমিশনে কর্মরত সাংবাদিকরা সবচেয়ে কঠিন দায়িত্ব পালন করেন এবং তাদের চোখ ফাঁকি দেওয়া যায় না।’ তিনি সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
জনতার আওয়াজ/আ আ