৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৭, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

৮ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৮, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৮, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি পালিত হবে। এর মধ্যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে কেউ যদি আলোচনা সভা বা অন্য কিছু দুই একদিন পরেও করে তাতে কোনো অসুবিধা নেই।’

রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের কর্মসূচি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত চলবে। এর মধ্যে রয়েছে শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ এবং সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ। এ ছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পোস্টার প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘আগামী ৩১ মে দুপুর ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘এর আগে, ৩০ মে ভোর ৬টায় শাহাদাতবার্ষিকী উপলক্ষে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় দলের মহাসচিব ও সিনিয়র নেতাসহ অঙ্গসংগঠনের নেতারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কবর জিয়ারত করবেন। এ সময় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।’

রিজভী বলেন, ‘শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুস্থদের মধ্যে কাপড়, চাল-ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা ও মহানগরীসহ আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ