এই বছরেই দেশে ফিরবো’ বক্তব্য শেখ হাসিনার আরেকটি ভণ্ডামি: সোহেল তাজ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ৫, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ৫, ২০২৬ ২:৪৪ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘এই বছরেই দেশে ফিরবো’ বক্তব্যকে তার আরেকটি ভণ্ডামি ও মিথ্যাচার বলে মন্তব্য করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ‘আমি এই বছরেই ফিরবো: শেখ হাসিনা’ শিরোনাম উল্লেখ করে সোহেল তাজ লেখেন, একজন মানুষের অহংকার একটি দেশ ও একটি রাজনৈতিক দলকে ধ্বংস করতে পারে। তার দাবি, এর সবচেয়ে বড় উদাহরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার।
তিনি আরও দাবি করেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগকে ধ্বংস করা হয়েছে।
সোহেল তাজ অভিযোগ করেন, দেশ ছাড়ার পরও শেখ হাসিনা দেশে ফেরার কথা বলে দলের নিরীহ নেতাকর্মীদের আরও ঝুঁকির মধ্যে ফেলছেন।
এর আগে বিভিন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফেরার আশা প্রকাশ করেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং তা নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
পাঁচ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় দেশে ফেরার বিষয়ে তার বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
জনতার আওয়াজ/আ আ