দুর্নীতি-অবহেলায় বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫১, রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দুর্নীতি-অবহেলায় বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৫, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৫, ২০২৬ ২:৩৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সঙ্গে। দুর্নীতি-ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দেব না।’

তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। পাশাপাশি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোও আধুনিকায়ন করা হবে।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যখাতে এ বছরই একটি বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি, যাতে জনগণের উন্নয়ন করা যায় এবং বিশ্ব মানচিত্রে দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।’

এ সময় তিনি চলতি অর্থবছরের বাজেটকে আদর্শের বাজেট হিসেবে উল্লেখ করে বলেন, বাজেটের প্রতিটি আদর্শ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ