তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩২, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১৮, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১৮, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ

 

রংপুর প্রতিনিধি
ছবি : সংগৃহীত

ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার এবং এটি বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন।’

সোমবার (১৮ মে) দুপুরে রংপুরের শহিদ আবু সাঈদ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বর্তমান সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো ফারাক্কা ইস্যু, পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা।’

তিনি জানান, বড় ধরনের ব্যারেজ বা বাঁধ নির্মাণের ক্ষেত্রে নানা কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাইয়ের বিষয় থাকে। সরকার পর্যায়ক্রমে এসব কাজ এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘আগামী ১১ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। এ বিষয়ে সরকার নতুনভাবে কার্যকর উদ্যোগ নিতে চায়। তিনি উল্লেখ করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় হওয়া ফারাক্কা চুক্তি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং সেই অভিজ্ঞতার আলোকে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।’

একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতির কথাও তুলে ধরে তিনি বলেন, ‘সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছিল এবং সে লক্ষ্যেই কাজ চলছে।’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার একটি বড় প্ল্যাটফর্ম। সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী ক্রীড়াবিদ খুঁজে বের করতে ধারাবাহিকভাবে এমন আয়োজন চালিয়ে যাবে বলেও জানান তিনি।’

তিনি আরও বলেন, ‘উত্তরাঞ্চলের তরুণদের মধ্যে ক্রীড়া প্রতিভার অভাব নেই। প্রয়োজন শুধু সঠিক পরিচর্যা ও সুযোগ সৃষ্টি। সরকার সেই সুযোগ নিশ্চিত করতে কাজ করছে, যাতে বিভাগীয় পর্যায় থেকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রজন্ম নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ-উন-নবী চৌধুরী, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুর জেলা প্রশাসক মো. রুহুল আমিন রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ।

উল্লেখ্য, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ রংপুর বিভাগের আট জেলার ১ হাজার ৩৫৬ জন প্রতিযোগী অংশ নেন। দাবা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি ও সাঁতারসহ মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হচ্ছে। পরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা পর্যায়ে সপ্তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের-২৬ উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ