জুলাই অভ্যুত্থান কোনো দলের নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ৫, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ৫, ২০২৬ ২:৩২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, বরং গণতন্ত্র ও শান্তিকামী সব মানুষের সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ ও আকুতির বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
বক্তব্যে তারেক রহমান বলেন, তার ও তার পরিবারের পাশাপাশি দেশের মানুষের ওপর গত ১৭ বছরে যে অবিচার করা হয়েছে, আল্লাহ তাকে এখন সেই সবের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়েছেন। তবে তিনি প্রতিশোধের পথে হাঁটতে চান না।
তিনি বলেন, “আমি ১৭ বছর আগে দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলাম। দেশে ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। আমার ছাত্রদলের অনেককে আমি রেখে গিয়েছিলাম, তাদের অনেককেই আর পাইনি। অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন।”
প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই হত্যাকাণ্ডে যারা দায়ী, তাদের অবশ্যই বিচার করা হবে। তবে বিচারের নামে যেন কোনো অবিচার না হয়, সেদিকেও সতর্ক থাকতে হবে। সময় লাগলেও প্রকৃত হত্যাকারীদের সঠিক বিচার নিশ্চিত করা হবে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি, যা ‘৩৬ জুলাই’ নামে পরিচিত, উপলক্ষে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে নিহত কয়েকজন শহীদের পরিবারের সদস্য মঞ্চে উঠে তাদের স্বজন হারানোর বেদনা ও সংগ্রামের স্মৃতিচারণ করেন। একপর্যায়ে এক শহীদ জননী সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শহীদ পরিবারের সদস্যদের সেই আবেগঘন বক্তব্যে উপস্থিত দর্শক-শ্রোতাদের পাশাপাশি সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও অশ্রুসিক্ত হয়ে পড়েন। তার দু’চোখে পানি টলমল করতে দেখা যায়।
জনতার আওয়াজ/আ আ