কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২০, রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৫, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৫, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ণ

 

ক্রীড়া ডেস্ক

ছবি: সংগৃহীত

কানাডাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। মরক্কোর হয়ে আজেদিন ওনাহি দুটি ও সোফিয়ান রাহিমি একটি গোল করেন।

শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কানাডা। একের পর এক আক্রমণে তারা মরক্কোর রক্ষণভাগকে চাপে রাখে। তবে গোলরক্ষক ইয়াসিন বুনোর দুর্দান্ত পারফরম্যান্সে কানাডা গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

প্রথমার্ধে আক্রমণে কিছুটা পিছিয়ে থাকা মরক্কো দ্বিতীয়ার্ধে ভিন্ন চেহারায় মাঠে নামে। বিরতির পরপরই আক্রমণে উঠে তারা ম্যাচের প্রথম সাফল্য পায়।

মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি ফ্রি-কিক থেকে চমৎকারভাবে বলটি পাস ব্যাক করেন বক্সের ঠিক বাইরে থাকা আজেদিন ওনাহির কাছে। এরপর ওনাহি দারুণ নিয়ন্ত্রণে বলটিকে নিখুঁতভাবে বাঁকিয়ে পাঠান নিচের কর্নারে, যা রুখে দেওয়ার কোনো সুযোগই পাননি কানাডার গোলরক্ষক। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার দেশটি।

ম্যাচের ৭৬ মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন স্টিফেন ইউস্তাকিও। তবে ফ্রি-কিক থেকে জোনাথন ডেভিডের নেওয়া শটটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর ৭৯ মিনিটে তাহন বুকাননের দূরপাল্লার শটটি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ইয়াসিন বুনু।

দুর্দান্ত এক গোলে ব্যবধান বাড়ায় মরক্কো। সমতা ফেরানোর লক্ষ্যে কানাডা একাধিক খেলোয়াড়কে সামনে তুলে আক্রমণে গিয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে পাল্টা আক্রমণে উঠে মরক্কো। ৮২ মিনিটে দারুণ এক থ্রু পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তিনি চমৎকারভাবে বলটি সাজিয়ে দেন আজেদিন ওনাহির সামনে। এরপর ওনাহি জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে দেন। তার দ্বিতীয় গোলে মরক্কোর ব্যবধান ২-০ করে।

ব্যবধান আরও বাড়ানোর খুব কাছাকাছি ছিল মরক্কো। ম্যাচের ৮৫ মিনিটে সোফিয়ান রাহিমির দারুণ এক হেড সরাসরি ক্রসবারে আঘাত করে ফিরে আসে। আর তাতে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় তাদের।

তবে এই হতাশা কাটে ম্যাচের ইনজুরি সময়ে। ব্রাহিম দিয়াজের পাস থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান সোফিয়ান রাহিমি। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

অন্যদিকে, ম্যাচে ফিরতে একাধিক চেষ্টা চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কানাডা। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল কানাডা। আর তাদের হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ