ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগের কথা তুলে ধরলেন মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১০, রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগের কথা তুলে ধরলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৫, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৫, ২০২৬ ১:৫৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতন সহ্য করেছি, অনেক প্রাণ দিয়েছি, জেল খেটেছি। তবু মাথা নত করিনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। এখন একটি সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে একটি বাংলাদেশ গড়ে তোলার।’

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর গণজাগরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশ বিনির্মাণের সেই আন্দোলন আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে আলোকিত লালমনিরহাট গড়ার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে। মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাজিত হয়েছে। মাদকের আগ্রাসনে যুবকেরা তাদের ভবিষ্যৎ নষ্ট করছে। তা আমরা হতে দিতে পারি না। আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সামাজিক আন্দোলন আজ দুলুর নেতৃত্বে শুরু হয়েছে। জনগণকে সচেতন করে, জনগণকে সঙ্গে নিয়ে এবং জনগণের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র উপায়। আসাদুল হাবিব দুলু আজ যে আন্দোলন শুরু করেছেন, সেই আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়ুক সেই আমার প্রত্যাশা।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা মাদককে না বলবেন, যৌতুককে না বলবেন, জুয়াকে না বলবেন। আপনাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবেন। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’-যে আন্দোলন করেছেন, তা আজ সফল হতে চলেছে। তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে আমরা বাস্তবায়ন করব। যার মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের উন্নয়নের নতুন দিগন্ত সূচিত হবে। মাদকসহ সামাজিক অপরাধ দমন করতে পারলে নিশ্চয়ই আমরা একটি সমৃদ্ধ দেশ গড়তে পারব, ইনশাআল্লাহ। আমাদের স্বপ্নের নেতা, যিনি স্বপ্ন দেখেন ও তা বাস্তবায়ন করেন, সেই নেতার স্বপ্নের বাংলাদেশ নির্মিত হবে।’

সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা প্রদানসহ অনেক কর্মসূচি শুরু হয়েছে। সব মিলিয়ে আমরা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। লালমনিরহাটে যে সামাজিক অপরাধ দমনের আন্দোলন শুরু হলো, তা গোটা দেশে ছড়িয়ে পড়ুক। লালমনিরহাটের আলো ছড়িয়ে পড়ুক সারা দেশে সেই প্রত্যাশা করছি।’

‘আলোকিত লালমনিরহাট’-এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এ আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এ গণজাগরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এজেড জাহিদ হাসান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে তিন মন্ত্রী ও সংসদ সদস্যদের নেতৃত্বে ‘আলোকিত লালমনিরহাট’-এর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি এমটি হোসেন মাঠ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ